| গাজার সব সীমান্ত খুলে দেয়ার আহ্বান জাতিসঙ্ঘ ও রেড ক্রসের |
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সব সীমান্ত খুলে দেওয়ার দাবি জাতিসঙ্ঘ ও রেড ক্রসের
যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সঙ্কট মোকাবিলায় জরুরি সহায়তা পৌঁছাতে সব সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়েছে জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে এবং দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে সহায়তা পৌঁছে দিতে সীমান্ত খোলা অত্যন্ত জরুরি।
রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন জানান, গত কয়েক ঘণ্টা ধরে আইসিআরসি সহ অন্যান্য মানবিক সংস্থা সব প্রবেশপথ খোলা রাখার দাবিতে এ ধরনের আহ্বান জানাচ্ছে। “বিপুল চাহিদার কারণে সবগুলো সীমান্ত উন্মুক্ত থাকা প্রয়োজন,” তিনি বলেন।
জাতিসঙ্ঘের সাহায্য সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লেয়ার্কে বলেন, “সবগুলো প্রবেশপথ উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি। কিছু সীমান্ত আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে, এবং গাজার অভ্যন্তরে ট্রাক চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করতে হবে।”
উল্লেখ্য, গত ২২ আগস্ট জাতিসঙ্ঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সেখানে প্রায় ৫ লাখ মানুষ বিপর্যয়কর হুমকির মুখে রয়েছে।
আজ লেয়ার্কে জানান, গাজায় পাঠানোর জন্য জাতিসঙ্ঘের কাছে ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন ত্রাণসামগ্রী প্রস্তুত রয়েছে।
No comments:
Post a Comment