| শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফেরত আসছে পুলিশের একটি কন্টিনজেন্ট |
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাজেট সংকটের কারণে কঙ্গো থেকে বাংলাদেশ পুলিশের একটি কন্টিনজেন্ট দেশে ফিরছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে ১৮০ সদস্যের এই দলটির প্রত্যাবর্তন সম্পন্ন হবে বলে জানা গেছে। কন্টিনজেন্টটিতে ৭৫ জন নারী পুলিশও রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ পুলিশ সবসময় জাতিসংঘ মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বাজেট ঘাটতির কারণে কঙ্গো থেকে একটি দল ফেরত আসছে। তবে বাজেট পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে কঙ্গো বা অন্য কোনো দেশে নতুন কন্টিনজেন্ট পাঠানো হতে পারে।”
২৬ আগস্ট কঙ্গোতে পৌঁছানো দলটি প্রশিক্ষণ শেষে ১০ সেপ্টেম্বর থেকে কিংশাসায় দায়িত্ব পালন শুরু করে। বুধবার থেকে তাদের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। জানা গেছে, বাজেট সংকটের কারণে কঙ্গোসহ আরও কয়েকটি দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে কমানো হবে, তবে বাংলাদেশের কন্টিনজেন্ট সম্পূর্ণভাবে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্স ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, অর্থঘাটতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিল অনিশ্চয়তার কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসে নয়টি মিশন থেকে অন্তত ২৫ শতাংশ শান্তিরক্ষী কমানোর পরিকল্পনা নিয়েছে। ফলে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ প্রভাবিত হবেন।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি সদস্য ২৪টি দেশে দায়িত্ব পালন করেছেন। শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অবদানকারী দেশ বাংলাদেশ, যেখানে নেপাল ও রুয়ান্ডা প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।
No comments:
Post a Comment