| ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা |
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিন ইয়ামিন মোল্লা নিজেই। এছাড়া জিএস পদে মনোনয়ন পেয়েছেন সাবিনা ইয়াসমিন, এজিএস পদে থাকছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম। তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ’ এবং স্লোগান ‘ভোট ফর চেঞ্জ’।
এছাড়া বিভিন্ন সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন—
- বিজ্ঞান ও প্রযুক্তি: মো. শাকিল খান
- সমাজসেবা: আরিফুর রহমান মজুমদার
- ক্রীড়া: মুক্তার হোসেন
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন: আশিক হৃদয় আহমেদ
- স্বাস্থ্য ও পরিবেশ: রাকিব হোসেন গাজী
- মানবাধিকার ও আইনবিষয়ক: ইশতিয়াক আহমেদ
- গবেষণা ও প্রকাশনা: সিয়াম ফেরদৌস ইমন
প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন— রাহাত, রেজোয়ান, মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।
এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সংগঠনটির প্যানেলে ভিপি পদে আছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। জিএস পদে আছেন বর্তমান সভাপতি এস এম ফরহাদ, আর এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
এছাড়া ঢাবির আলোচিত শিক্ষার্থী এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা জানান, মোট ১০টি সম্পাদক পদে তাদের আংশিক প্যানেল থেকে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট, যাচাই-বাছাই হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ পাবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, আর চূড়ান্ত প্রার্থীতার তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।
No comments:
Post a Comment