| সিলেটের ডিসি ওএসডি, নতুন দায়িত্বে সেই সারোয়ার আলম |
সিলেটের পর্যটন এলাকা থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনার মধ্যেই জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশব্যাপী আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
একই ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহারকেও বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলামকে।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তাকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।
অন্যদিকে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত বছরের ১০ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
সারোয়ার আলম কে?
সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ব্যাপকভাবে পরিচিত। হাসিনার সরকারের আমলে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিলে সমালোচনার ঝড় ওঠে।
তার শিক্ষাজীবন শুরু হয় কিশোরগঞ্জের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। সেখান থেকে ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দেন সারোয়ার আলম। ব্যক্তিজীবনে তিনি চার সন্তানের জনক।
ইউএনও বদলি
একই ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহারকেও বদলি করে সিলেটের ফেঞ্চুগঞ্জে পাঠানো হয়েছে। আর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানীগঞ্জের নতুন ইউএনও হিসেবে।
এ সংক্রান্ত আদেশে সই করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
No comments:
Post a Comment