| গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫ |
📰 গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা: পাঁচজন আটক
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে মামলাটি রেকর্ড হয়। বাসন থানার ওসি শাহীন খান জানান, মামলার আসামিদের পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। একই রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পূর্বাপর
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
হত্যার ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে, রাজনৈতিক দলের কিছু চাঁদাবাজ তুহিনকে হত্যা করেছে।
তবে শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম জানান, চাঁদাবাজির কারণে নয়— বাদশা নামে এক যুবকের ওপর হামলার ভিডিও ধারণ করায় তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
No comments:
Post a Comment