| রাকসু নির্বাচন: বিরিয়ানি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা |
📰 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ঘিরে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল–সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত ৮টা ও পরে দিবাগত রাত ১১টার দিকে কাজলা এলাকার বিভিন্ন মেসে এসব খাবার বিতরণ করা হয়। খাবারের সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেনও দেওয়া হয় বলে জানা গেছে।
মেসের শিক্ষার্থীরা জানান, বুধবার সকালেই তাদের জানানো হয় যে রাতে ছাত্রদল মনোনীত প্যানেলের পক্ষ থেকে খাবারের আয়োজন থাকবে। পরে কাজলার জমজম মেসসহ কয়েকটি মেসে রাতে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে শিক্ষার্থীদের রুমে রুমে বিরিয়ানির প্যাকেট পৌঁছে দেওয়া হয়।
জমজম মেসের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকালেই জানানো হয় যে রাতে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে রাবিয়ানদের জন্য ডিনারের আয়োজন থাকবে। পরে রাতে রুমে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়, সঙ্গে টোকেনে প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বর দেওয়া ছিল।”
মেসের ম্যানেজার পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে অন্য একজন ফোন ধরে বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। পরে সংক্ষিপ্তভাবে বলেন, “বাবা, ওসব ছবি-ভিডিও দিও না, ঝামেলা হয় পরে।”
স্থানীয় বিএনপি নেতারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতি বলেন, “আমরা তো দোয়া চাইতে খাবার দিয়েছি, এটা তো তেমন কোনো সমস্যা না।”
📍সূত্র: শিক্ষার্থীদের বর্ণনা ও স্থানীয় সূত্র
🕓 তারিখ: বুধবার রাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা
No comments:
Post a Comment