| রাতের আঁধারে ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা |
ফুলবাড়ীতে সৎ বাবার অমানবিকতা: পুকুরে ফেলে হত্যা চেষ্টা, পথচারীর সাহসী উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের সৎ সন্তানকে সারাদিন মোটরসাইকেলে ঘোরানোর পর রাতে রাস্তার পাশের পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেন সৎ বাবা। তবে ভাগ্যক্রমে, এক পথচারীর তৎপরতায় শিশুটি প্রাণে বেঁচে যায়।
ঘটনাটি ঘটে শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। উদ্ধার হওয়া শিশুটির নাম তাসিন, সে লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
তাসিন জানায়, বাবার মৃত্যুর পর সে বড় ভাই বিপ্লব ও মা ববিতা বেগমের সঙ্গে থাকত। প্রায় ছয়-সাত মাস আগে মা বিয়ে করেন লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনকে। বিয়ের পর থেকেই তাসিন মায়ের সঙ্গে মুরাদের বাড়িতে থাকত।
শনিবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মুরাদ মোটরসাইকেলে সারাদিন তাসিনকে বিভিন্ন জায়গায় ঘুরান। রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার ছড়ারপাড় এলাকায় এসে হঠাৎ রাস্তার পাশের পুকুরে শিশুটিকে ফেলে রেখে চলে যান।
অটোরিকশার হেডলাইটের আলোতে পুকুরে হাবুডুবু খেতে থাকা তাসিনকে দেখতে পান পাশের ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। তিনি দ্রুত পুকুরে নেমে শিশুটিকে জীবিত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নেয়।
স্থানীয়রা জানান, সময়মতো উদ্ধার না হলে শিশুটি বেঁচে ফিরত না। এ ধরনের নিষ্ঠুর অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।
ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে মুরাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে শিশুটির মা, ভাই ও নানিসহ পরিবার থানায় অবস্থান করছে।
No comments:
Post a Comment