| খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ে নেতৃত্ব দেন বিচারপতি মানিক |
‘জিয়া ফোবিয়ায়’ ভুগতেন বিচারপতি মানিক: বিএনপি নেতাদের অভিযোগ
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তার বিচারিক জীবনের বেশিরভাগ সময় ‘জিয়াউর রহমান ফোবিয়ায়’ ভুগেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, বীর উত্তম জিয়াউর রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিতর্কিত রায় দিয়েছেন তিনি।
উচ্চ আদালতের আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে আদালতে অপ্রাসঙ্গিকভাবে বিষোদ্গার ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন মানিক।
তাদের অভিযোগ, জিয়াউর রহমানের নাম থাকায় শিশু একাডেমি ও জিয়া শিশু পার্ক উচ্ছেদের রায় দেন তিনি। একাধিক মামলার রায়ে শেখ হাসিনার রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটত বলেও দাবি করেছেন আইনজীবীরা।
রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ
বিএনপি নেতারা অভিযোগ করেন, বিচারকের আসনে থেকেও মানিক ছিলেন ‘আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর’ সদস্য। অবসরের পরও জিয়া পরিবারকে নিয়ে অপপ্রচার চালানো ছিল তার নিত্যদিনের কর্মসূচি। বিভিন্ন অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে নিয়ে তীব্র সমালোচনা করতেন এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে ‘কালা মানিক’ খ্যাতি পান।
জাতীয় সংসদ পর্যন্ত তাকে ‘স্যাডিস্ট’ আখ্যা দিয়ে অপসারণের রুলিং দেয়, যা সংসদের কার্যবিবরণীতেও উল্লেখ আছে।
২০১৫ সালের ঘটনা
২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। ওই ঘটনার পর মানিকের নেতৃত্বে ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’ খালেদা জিয়ার গ্রেপ্তার দাবি করে তার বাসভবন ঘেরাও করে।
বিএনপি নেতাদের মন্তব্য
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,
“সাত রাজার ধন মানিকের কথা আমরা শুনেছি, কিন্তু গত সাড়ে ১৫ বছরে আমরা দেখেছি এক রানির ধন মানিক। তিনি শুধু আওয়ামী লীগের লাঠিয়ালই ছিলেন না, জাতীয় সংসদ কর্তৃক স্বীকৃত একজন স্যাডিস্টও ছিলেন। বিচারকের ক্ষমতার অপব্যবহার করে তিনি জিয়া পরিবারের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ড চালিয়েছেন।”
আলাল আরও বলেন, অবসরের পরও খালেদা জিয়ার বাসভবন ঘেরাও ছিল তার রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্ট উদাহরণ। তবে রাজনীতি ও ভাগ্যের পরিহাসে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে পারলেও মানিক সীমান্তে ভবঘুরে অবস্থায় জনতার হাতে ধরা পড়েন। বিএনপি নেতাদের মতে, তার প্রতিটি অপকর্মের আলাদা বিচার হওয়া জরুরি।
No comments:
Post a Comment