| তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব: উপদেষ্টা আসিফ |
নির্বাচনের তফসিলের আগে সরকার ছাড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে দাঁড়াবেন।
মঙ্গলবার নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা-এর এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন— "রাজনীতিতে সক্রিয় কেউ নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই আমি নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করব।"
২০১৮ সাল থেকে রাজনীতিতে যুক্ত থাকা আসিফ মাহমুদ আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কিনা, সে বিষয়ে কিছু জানাননি। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হিসেবে তিনি বর্তমানে সরকারে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, যার মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব অন্যতম। এসব সম্পন্ন না হলে ঐতিহাসিক দায় থেকে যাবে বলে মনে করেন তিনি।
সরকার গঠনের শুরুর দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মতবিরোধ নিয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, সেটি সরকার গঠনের আগের বিষয় এবং এখন তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তবে আওয়ামী লীগ প্রশ্নে তখন দ্বিমত ছিল।
এছাড়া তিনি অভিযোগ করেন, একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এবং আওয়ামী লীগের কিছু নেতাকে জাপার হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছে।
তার মতে, অন্তর্বর্তী সরকারের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে— সামরিক বাহিনী, বিভিন্ন রাজনৈতিক শক্তি ও ভিন্ন ভিন্ন পটভূমির উপদেষ্টারা— যা সরকারের কাঠামোকে জটিল করে তুলেছে।
স্থানীয় সরকার নির্বাচনের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং এর দায় তার ওপর পড়ছে, যদিও সব দলের সমর্থন থাকলেও বিএনপি ও তাদের মিত্রদের অনীহা এই নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
No comments:
Post a Comment