| ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ঢাকা থেকে উদ্ধার |
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার ঘনফুট মূল্যবান পাথর জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়।
অভিযানে সাতটি আড়তে ট্রাকে বোঝাই সাদা পাথর বালু দিয়ে ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত পাথরের মধ্যে আস্ত এবং মেশিনে ক্রাশ করা পাথর রয়েছে।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন আরও জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর (বাজারমূল্য ২০০–২৫০ কোটি টাকা) এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু (বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা) লুট হয়েছে। এসব পাথরের অধিকাংশ স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ১০ নম্বর ঘাটে জমা করে পরে ক্রাশার মেশিনে পাঠানো হয়।
অভিযানের সময় আড়তের মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। মালিকদের তালিকা তৈরি করে পরিবেশ অধিদফতরের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
No comments:
Post a Comment