| হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ |
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথম দিনের সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা। মামলাগুলোতে আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ বেশ কয়েকজন।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে পৃথক তিন মামলায় এ সাক্ষ্য দেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, বাদীরা আদালতে সাক্ষ্য দিয়ে বলেন— ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তথ্য গোপন করে এবং ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা রাজউকের পূর্বাচল প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন। এছাড়া প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজউক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদেরও প্লট বরাদ্দ দেন।
এদিন দুপুর ১টা ৫০ মিনিটে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে বিকেল পৌনে ৩টায় শেষ হয়। আগামী ২৮ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গত ৩১ জুলাই এই মামলাগুলোতে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পৃথক মামলাগুলোতে শেখ হাসিনা পরিবার ছাড়াও রাজউকের সাবেক চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের সদস্য, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কর্মকর্তাসহ মোট ৭০ জনের বেশি আসামি রয়েছেন।
No comments:
Post a Comment