| অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি আজ |
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি: পরিবর্তনের পথে বাংলাদেশ
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার (৯ আগস্ট) এক বছর পূর্ণ করছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের টানা আন্দোলনে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। তিন দিন পর, ৮ আগস্ট শপথ নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
পরিবর্তনের পথে সংস্কার ও পদক্ষেপ
জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন কাঠামো, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা ও অভ্যুত্থানে নিহতদের বিচারসহ প্রতিটি ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।
৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে সরকার। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে।
নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইসি ভবনে বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
সংস্কার কমিশনের কার্যক্রম
সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করেছে—
- নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন
- পুলিশ সংস্কার কমিশন
- বিচারব্যবস্থা সংস্কার কমিশন
- দুর্নীতি দমন কমিশন
- জনপ্রশাসন সংস্কার কমিশন
- স্বাস্থ্য সংস্কার কমিশন
- গণমাধ্যম সংস্কার কমিশন
- শ্রমিক অধিকার সংস্কার কমিশন
- নারী বিষয়ক সংস্কার কমিশন
এগুলো ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে এবং সরকার বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে।
অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত
সরকারের উদ্যোগে ২০২৫ সালের জুনে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে—যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ড. ইউনূস জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছিল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমরা তা অর্জনের পথে।”
No comments:
Post a Comment