| খায়রুল হকের ফাঁসির দাবিতে উত্তাল হাইকোর্ট |
ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, খায়রুল হক ছিলেন “স্বৈরাচার হাসিনার কারিগর” এবং এ দেশের গণতন্ত্র ধ্বংসে বড় ভূমিকা রেখেছেন। তাদের দাবি, দেশের মাটিতে কোনো স্বৈরাচারের স্থান হবে না এবং তার একমাত্র শাস্তি ফাঁসি।
এ ঘটনার পটভূমিতে রয়েছে সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলা। হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আসামিপক্ষ বিচার বিভাগ ধ্বংস করেছে, অথচ এখন মায়াকান্না দেখাচ্ছে। তারা প্রশ্ন তোলেন—সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আসামিপক্ষ কোথায় ছিল?
পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
No comments:
Post a Comment