| যুবদলের সম্মেলনে বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে শোকজ |
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন যুবদলের সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলীমকে শোকজ করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে লিখিত শোকজ নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আব্দুল আলীম অযথা যুবদলের সম্মেলনে বাধা সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা দলের গঠনতন্ত্রের পরিপন্থী। আগামী ২ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, স্বেচ্ছাসেবক দলের ওই নেতার বাধা প্রদান সম্পূর্ণ অসাংগঠনিক ছিল। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।
অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, “জবাব পাওয়ার পর আব্দুল আলীমের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
No comments:
Post a Comment