| সরকারি প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় : সেতু সচিব |
সরকারি অর্থ ব্যয়ে সতর্কতা ও জনসেবায় দায়িত্বশীলতা চান সেতু সচিব
সরকারি অর্থ ব্যয়ে সর্বোচ্চ সতর্কতা ও জনসেবায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, সরকারি সম্পদ জনগণের আমানত—এর প্রতিটি পয়সা যেন বিধিসম্মতভাবে ব্যয় হয় এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, “জনগণ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।”
বৃহস্পতিবার পদ্মা সেতুর সাইট অফিসে আয়োজিত ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। এতে অংশগ্রহণ করেন সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, “অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে যথাযথ সরকারি সার্কুলার অনুসরণ করে জবাব প্রস্তুত করতে হবে। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।”
No comments:
Post a Comment