| যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি |
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সংস্কারের পর নির্বাচন দিতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করার পরই ভোট আয়োজন করতে হবে। তিনি বলেন, "যেভাবে নির্বাচন করে শুধু ক্ষমতার পালাবদল হয়—তার জন্য জুলাই বিপ্লব হয়নি।"
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ বিকল্প শক্তির সন্ধান করছে এবং জামায়াতকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। জামায়াত দেশের প্রাচীন, আদর্শবাদী, গণতান্ত্রিক ও গণমুখী রাজনৈতিক দল হিসেবে সবসময় জাতির ক্রান্তিকালে মানুষের পাশে থেকেছে।
তিনি আরও বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য প্রচলিত ভোট চুরি ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে হবে। দেশের মানুষ সন্ত্রাস নির্ভর রাজনীতি থেকে বীতশ্রদ্ধ—তাই এই অশুভ চক্র ভাঙা জরুরি।
প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার বিষয়ে তিনি মন্তব্য করেন, "এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জুলাই চেতনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।"
সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমীর ইউসুফ আলী মোল্লা এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল জোনের পরিচালক হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment